লাইসেন্স নবায়নে বিলম্বের প্রতিবাদে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি।

আবিদুর রহমান নাহিয়ান :

লাইসেন্স নবায়নে বিলম্বের প্রতিবাদে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি।

লাইসেন্স নবায়নে দীর্ঘসূত্রতা এবং বিদ্যমান ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের অভিযোগ তুলে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিদ্যমান ডিলাররা।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত লাইসেন্স নবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান, লিপু মজুমদারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে সততা ও স্বচ্ছতার সঙ্গে টিসিবির পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও সেটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডিলার নেতারা আরও বলেন, জেলা প্রশাসনের সুপারিশ বাস্তবায়নের পরিবর্তে বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ডিলারদের প্রতি অবিচার। এতে অভিজ্ঞ ও দায়িত্বশীল ডিলাররা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং টিসিবির সেবা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা অবিলম্বে বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহাল কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ স্থগিত রাখার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনরত ডিলাররা।

উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকার টিসিবি প্রধান কার্যালয়েও পাঠানো হয়েছে।