গোপালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।

শৈলেন্দ্রনাথ মজুমদার, ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।

 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক মো. শাহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে হবে। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার প্রতিও গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রশিক্ষণ, পুঁজি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেলে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণসংক্রান্ত সনদপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে উৎসাহিত করা হয়।

গোপালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।
যুব দিবশে বক্তব্য রাখছেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ

 

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মক্ষম যুবসমাজ গঠনের পাশাপাশি দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।