
সাবিনা ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ গলদা রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে একটি হাইএক্স গাড়িতে করে অবৈধভাবে গলদা রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। পরে চালক অসীম তালুকদারকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার গলদা রেনু পোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দ করা সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন এবং পুলিশ সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন,
“এর আগেও আমরা একাধিকবার অবৈধ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছি। আজও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ রেনু পোনা আহরণ ও পরিবহন বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।