
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

বধবার ( ৫ আগস্ট) সরকার ঘোষিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস।
২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। দিনটির স্মৃতি সংরক্ষণে সরকার ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে টুঙ্গিপাড়া জুড়ে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো টুঙ্গিপাড়াকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে বা অন্য কোনোভাবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেলেও পুরো টুঙ্গিপাড়ার পরিবেশে সতর্কতার আবহ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।