আপত্তিকর পোস্টের মামলায় বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর কারাগারে।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আপত্তিকর পোস্টের মামলায় বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর কারাগারে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালতের নির্দেশের পর তানভীরকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা কর্মীরা।

উল্লেখ্য, এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীরকে গ্রেপ্তারের খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে অবস্থান নেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

ছাত্রদল নেতা রাফিউল আল আমিন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে তানভীরসহ কয়েকজন আপত্তিকর মন্তব্য করেছেন। এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকি বলে দাবি করে তিনি গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান বাদী। সেখানে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

আদালত প্রাঙ্গণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।