
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা নগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় দিন দিন বাড়ছে মাদক বিক্রির পরিধি ও বিস্তার। নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে ও গোপনে চলছে মাদক বেচাকেনা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া নগরীর ১১৭টি মাদক বিক্রির স্পট চিহ্নিত করে একটি বিস্তারিত তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা নগরীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলেছে মাদকের নিয়ন্ত্রণ
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক পটপরিবর্তনের আগে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে মাদক বিক্রির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
অভিযোগ রয়েছে, মাদক বিক্রেতাদের উৎসাহিত করতে তৎকালীন রাজনৈতিক ও ছাত্রনেতাদের কেউ কেউ পুঁজি বিনিয়োগও করতেন। বিভিন্ন এলাকায় মাদক বিক্রির জন্য নির্দিষ্ট হারে মাসোহারা নেওয়ার অভিযোগও রয়েছে।
তখন নগরীতে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও কোডিন ফসফেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হতো। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ওই সময়ে খুলনা নগরীতে প্রতিদিন প্রায় ৪ লাখ টাকার মাদক কেনাবেচা হতো।
তবে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর মাদক ব্যবসার নিয়ন্ত্রণে থাকা কথিত গডফাদারদের মধ্যেও পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যশোর-সাতক্ষীরা থেকে আসছে মাদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্থানীয় মাদক ব্যবসার বিস্তারিত বিবরণে বলা হয়েছে, যশোর ও সাতক্ষীরা জেলা থেকে চোরাকারবারিরা সড়ক ও রেলপথে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক খুলনায় নিয়ে আসে।
পণ্যবাহী বিভিন্ন পরিবহনের মাধ্যমে ফেনসিডিল ও ইয়াবা পথের বাজার ও জিরো পয়েন্ট হয়ে নগরীতে প্রবেশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বেনাপোল থেকে আসা কমিউটার ট্রেন ব্যবহার করেও মাদক পরিবহনের অভিযোগ রয়েছে। এসব ট্রেনে মাদক ব্যবসায়ীদের কেউ কেউ দৌলতপুর ও খুলনা রেলস্টেশনে নেমে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১১৭টি স্পট চিহ্নিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো তালিকায় নগরীর বিভিন্ন এলাকার ১১৭টি মাদক বিক্রির স্পট চিহ্নিত করা হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে টুটপাড়া, গাছতলা, মহিরবাড়ি খালপাড়, ৫ নম্বর ঘাট, গ্রীনল্যান্ড বস্তি, জোড়াগেট, ১০ তলার পেছনের এলাকা, ৪ ও ৬ নম্বর ঘাট, হাসপাতাল রোড, নিক্সন মার্কেট, দারোগার বস্তি, বার্মাশীল রোডের পানির ট্যাংকির মোড়, নিরালা আবাসিক এলাকা, হাজীবাড়ির মোড়, সড়ক পরিবহন লীগের অফিসের পাশের এলাকা, সোনাডাঙ্গা বাস টার্মিনাল এবং পীর খানজাহান আলী (রহ.) সেতু এলাকা।
এ ছাড়া তালিকায় রয়েছে লবণচরা, মুক্তা কমিশনারের বাড়ির পাশের স্লুইচ গেট, লবণচরা দারোগার লিজ এলাকা, মতিয়াখালী খালপাড়, মোহাম্মদনগর, জিরো পয়েন্ট, কৈয়া বাজার, ইসলামনগর, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গিলাতলা, কুয়েট রোড, আটরা পালপাড়া, গাবতলা বিদ্যুৎ স্টেশন, গাবতলা শ্মশানঘাট, আলীম জুট মিল গেট সংলগ্ন এলাকা, ল্যাবরেটরি স্কুল সংলগ্ন এলাকা, সেনপাড়া দাউদের মাঠ, গাইকুড়, রায়েরমহল মুন্সিপাড়া, গাইকুড় মিল্ক ভিটা, আড়ংঘাটা প্রাইমারি স্কুল, চিত্রালী বাজার, মানসী বিল্ডিং এলাকা, বঙ্গবাসী স্কুল রোড, প্লাটিনাম ২ নম্বর গেট এলাকা, খালিশপুর জুট মিল গেট, রায়েরমহল বাজার, খালিশপুর রেললাইন, আলমনগর বাজার, হার্ডবোর্ড ঘাট, নিউ পিপলস কলোনি, বৈকালি বাজার, কাস্টমঘাট, বয়রা বাজার, দৌলতপুর, সেনপাড়া, দৌলতপুর পেট্রোল পাম্প, স্পাহানি কলোনি ও মহেশ্বরপাশা কালীবাড়ি।
তিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তালিকা
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা কার্যালয়ের উপপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা মাদক স্পট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত তালিকাটি পাঠিয়েছেন। একই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে খুলনা নগরীর মাদক বিক্রির স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার বিস্তার, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং মাদক সরবরাহের বিভিন্ন পথ সম্পর্কে সরকার প্রধানের কার্যালয়কে অবহিত করা হয়েছে।
খুলনা নগরীতে মাদকের বিস্তার রোধে চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত অভিযান, মাদক সরবরাহের উৎস বন্ধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।