দেশব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দেশব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ।

সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

আজ শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে সন্ত্রাস ও অপরাধ দমনের কার্যক্রম পরিচালনা করা হবে। চলমান কার্যক্রম আরও জোরদার করতে সভায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছু কৌশলও প্রণয়ন করা হয়েছে। তবে কৌশলগত কারণে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সারা দেশে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থার সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি, বিভিন্ন মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রেঞ্জ ও জেলার পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।