মালয়েশিয়ার চাকরির নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মালয়েশিয়ার চাকরির নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ।

মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে খুলনার লবণচরা এলাকার ছয় চাকরি প্রার্থীর কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ পলাশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা। ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পিবিআই সূত্রে জানা যায়, খুলনা জেলার লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকার আলাউল কবির খাঁর সঙ্গে পবিত্র মজুমদারের মাধ্যমে আসামি মোঃ পলাশ আলীর পরিচয় হয়। পলাশ আলাউল কবিরকে মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান।

 

এতে বিশ্বাস করে আলাউল কবির তার ছয়জন নিকটাত্মীয়কে মালয়েশিয়ায় পাঠানোর জন্য পলাশের সঙ্গে যোগাযোগ করেন। প্রত্যেককে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ভিসা ও অন্যান্য কাগজপত্র প্রস্তুতের জন্য অগ্রিম টাকা দাবি করেন পলাশ। পরে আলাউল কবির বিভিন্ন তারিখে ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৭ লাখ টাকা প্রদান করেন।

 

টাকা নেওয়ার পর পলাশ চাকরি প্রার্থীদের ঢাকায় নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করান এবং ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি।

 

সর্বশেষ ১৫ আগস্ট ২০২৬ তারিখে পলাশ আলাউল কবিরের বাড়িতে গিয়ে জানান, চাকরি প্রার্থীদের আর মালয়েশিয়ায় পাঠাতে পারবেন না। একই সঙ্গে গ্রহণ করা টাকাও ফেরত দিতে পারবেন না বলে জানান।

 

এরপর আলাউল কবির খাঁ বাদী হয়ে পলাশ আলীসহ দুইজনের বিরুদ্ধে লবণচরা থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলাটি লবণচরা থানার মামলা নং-১৫, তারিখ ২৩ আগস্ট ২০২৬; ধারা ৪০৬/৪২০ পেনাল কোড।
মামলাটি পিবিআইয়ের সিডিউল ভুক্ত হওয়ায় পিবিআই হেডকোয়ার্টার্সের সিদ্ধান্ত ক্রমে পিবিআই খুলনা তদন্তভার গ্রহণ করে। পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমানকে নিয়োগ করেন।

 

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবার তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি পলাশ আলীর অবস্থান শনাক্ত করেন।
এরপর ২৮ আগস্ট ২০২৬ রাত ১টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার সদর থানাধীন গোল পুকুরপাড় এলাকার কর অঞ্চল ভবন থেকে পলাশ আলীকে গ্রেপ্তার করে পিবিআই খুলনার একটি চৌকস দল।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ আলী অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

 

তদন্ত ও গ্রেপ্তারকৃত আসামির জবানবন্দি থেকে পিবিআই জানতে পারে, উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাদীপক্ষের কাছ থেকে পলাশ আলী তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাবে মোট ১৭ লাখ টাকা গ্রহণ করেন। পরে চাকরি প্রার্থীদের মালয়েশিয়ায় না পাঠিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা বলেন, “আর্থিক অস্বচ্ছলতার সুযোগ নিয়ে উচ্চ বেতনে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের বিরুদ্ধে পিবিআই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”

 

তিনি সাধারণ মানুষকে আর্থিক স্বচ্ছলতার প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

 

মামলার সঙ্গে জড়িত এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।