কেএমপির দাবি: বস্তাবন্দি কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩৬ ঘণ্টায় মা গ্রেপ্তার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কেএমপির দাবি: বস্তাবন্দি কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩৬ ঘণ্টায় মা গ্রেপ্তার।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দাবি করেছে, নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার কেএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় খুলনা সদর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে তদন্ত শুরু করে। পিবিআই, সিআইডি সহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচার, বেতার বার্তা প্রেরণ এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ১০ জুলাই খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা (১৬), মো. আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সিমা দম্পতির কন্যা।

পুলিশ জানায়, নিহতের বাসায় গিয়ে তার মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

কেএমপি জানায়, ঘটনার মূল রহস্য উদঘাটনের পর খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস দল ১০ জুলাই আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করে। পরে তিনি স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত অপর আসামি মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।পুলিশ কমিশনার জানান, তার সার্বিক দিকনির্দেশনায় ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তদন্ত ও অভিযান পরিচালনা করছে।

কেএমপির দাবি: বস্তাবন্দি কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩৬ ঘণ্টায় মা গ্রেপ্তার।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।