
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাস ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বনভূমির পরিমাণ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তিনি সকল নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্মকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান।খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস. এম. শফিকুল ইসলাম, বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরোয়ার।
জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।বৃক্ষমেলা উপলক্ষে এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মাস ব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মোট ৬২টি স্টল অংশ গ্রহণ করছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান করা হচ্ছে।