
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন এক নারী আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর মডেল থানার অস্থায়ী ভবনে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া নারীর নাম হাসিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করেন সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বর্তমানে সদর মডেল থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে আসামিদের জন্য কোনো স্থায়ী হাজতখানা না থাকায় পুলিশি হেফাজতে হাসিনাকে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল।
রাত দেড়টার দিকে সুযোগ বুঝে ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা তাকে ধরতে অভিযান শুরু করে।
পুলিশি হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিউটি অফিসার রমজান আলী সজল ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় আইনগত ও প্রশাসনিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।