
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইন অমান্য, পরিবেশ ধ্বংস, বাজার কারসাজি এবং জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে দেশের অর্থনীতি ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি করার গুরুতর অভিযোগ উঠেছে।
বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, আইনি নথি এবং সাম্প্রতিক তদন্তে এই প্রভাবশালী গ্রুপের বিতর্কিত কর্মকাণ্ডের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে।
আদালতের নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি: রাতের আঁধারে জলাশয় ভরাট
দেশের সর্বোচ্চ আদালত ও আইনকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বসুন্ধরা গ্রুপ। এক আদেশে সুপ্রিম কোর্ট বসুন্ধরা আবাসিক এলাকার অনুমোদনহীন সম্প্রসারণ এবং বালু দিয়ে নিচু জমি ও জলাশয় ভরাট করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু সেই আইনি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে জলাভূমি ভরাটের কাজ পুরোদমে চালু রাখা হয়।
পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং জলাভূমি ধ্বংসের অপরাধে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে বসুন্ধরা গ্রুপকে কোটি কোটি টাকা জরিমানা করেছে। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার জোরে তারা সেই জরিমানাকে পাত্তাই দেয়নি, বরং আইনি মারপ্যাঁচে তা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে।
নিত্যপণ্যের বাজারে একচেটিয়া আধিপত্য ও সিন্ডিকেট কারসাজি
শুধু আবাসন খাতেই নয়, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার ও কৃত্রিম সংকটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটা, ময়দা, চিনি, ভোজ্যতেল এবং এলপিজি (LPG) গ্যাসের মতো অতি প্রয়োজনীয় পণ্যের বাজারে অন্যতম বড় সরবরাহকারী এই গ্রুপটি। অভিযোগ রয়েছে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পাশ কাটিয়ে তারা অন্য বড় বড় প্রতিষ্ঠানের সাথে মিলে শক্তিশালী সিন্ডিকেট তৈরি করত। এরপর কৃত্রিম সংকট তৈরি করে হুটহাট পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
বিশেষ করে দেশের এলপিজি গ্যাসের বাজারে তাদের বিশাল নিয়ন্ত্রণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে কিংবা দেশে কৃত্রিম ঘাটতি দেখিয়ে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অসংখ্য নজির রয়েছে তাদের বিরুদ্ধে।
লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল ও উচ্ছেদ
বসুন্ধরা গ্রুপ যেখানেই প্রকল্প হাত নিয়েছে, সেখানেই আদি বাসিন্দা এবং স্থানীয় কৃষকরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। খিলক্ষেত, বাড্ডা এবং পূর্বাচল সংলগ্ন এলাকার সাধারণ মানুষের পৈতৃক জমি যখন তারা সহজে কিনতে পারেনি, তখন নিজস্ব লাঠিয়াল ও সশস্ত্র বাহিনী ব্যবহার করে জমি দখলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভয়ভীতি দেখানো, মিথ্যা মামলায় ফাঁসানো এবং পৈতৃক ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ করার অসংখ্য ঘটনা ঘটেছে। তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে এসব লোমহর্ষক ঘটনা অনেক সময় মূলধারার গণমাধ্যমেও আসতে দেওয়া হয়নি।
ঢাকার চারপাশের উর্বর তিন ফসলি জমি এবং সাধারণ জেলেদের রুটি-রুজির উৎস যে সব বিল বা জলাশয় ছিল, সেগুলো ভরাট করায় হাজার হাজার পরিবার তাদের ঐতিহ্যগত পেশা হারিয়ে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে।
পট পরিবর্তন, অর্থ পাচার ও ব্যাংক ঋণের খোঁজে দুদক-সিআইডি
সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বসুন্ধরা গ্রুপের শীর্ষ নেতৃত্ব এবং তাদের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবশেষে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সিআইডি গভীর তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এই গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের ব্যাংক হিসাব ফ্রিজ (স্থগিত) করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে, তাদের অবৈধভাবে দখল করা সরকারি সম্পত্তি ও খাস জমি উদ্ধারের দাবি এখন সর্বত্র জোরালো হচ্ছে।
অপূরণীয় ক্ষতির মুখে দেশ
বিশ্লেষকরা বলছেন, বসুন্ধরা গ্রুপের এই আগ্রাসী, নীতিহীন ও অনৈতিক ব্যবসা পদ্ধতির কারণে বাংলাদেশের আবাসন খাত ও সামগ্রিক অর্থনীতি যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি রাজধানী ও এর চারপাশের প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতি হয়েছে তা এক কথায় অপূরণীয়। পরিবেশ ও অর্থনীতিকে বাঁচাতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ এখন সময়ের দাবি।