​খুলনা মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা।

​মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​খুলনা মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা।

​খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি স্থানীয় প্রেসে কর্মরত ছিলেন।

​নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতেই ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পূর্বপরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা খবর পান যে, স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​লবণচরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

​এসআই পিযুষ দাস সাংবাদিকদের আরও।জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে— নিহতের পরিচিত ব্যক্তিরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।