দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি দেশে ফেরত, পিবিআই নরসিংদীর সাফল্য।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি দেশে ফেরত, পিবিআই নরসিংদীর সাফল্য।
হত্যা মামলার আসামি আরিফ সরকার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশীদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকার (৪০) কে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী জেলা।
পিবিআই সূত্রে জানা যায়, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ প্রথমে আসামি আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পিবিআইয়ের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম দুবাই থেকে তাকে দেশে ফিরিয়ে আনেন।
গত ০৬ মে ২০২৬ তারিখে তাকে দেশে ফিরিয়ে আনার পর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে, শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে একই দিন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটের দিকে শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশীদ খানকে তার নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩১ মে ২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নিহতের ছেলে আমানুর রশীদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় আরিফ সরকার সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২৩ জুন ২০২৩ তারিখে পিবিআই নরসিংদী জেলা তদন্ত ভার গ্রহণ করে।
তদন্ত চলাকালে এর আগে আরেক আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততা নিশ্চিত করে পিবিআই।
পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয় এবং দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে পিবিআই নরসিংদী জেলা আদালতে আরিফ সরকারসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতারের পর আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনার পর শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
পিবিআই জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জটিল এই হত্যা মামলার অন্যতম পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনা তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।