আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই— খুলনায় আইনমন্ত্রী।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই— খুলনায় আইনমন্ত্রী।
আইণ মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ ও বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী তৈরি করতে হবে। এ লক্ষ্যেই ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শিগ্‌গিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৮ মে) খুলনায় নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বল।
আইনমন্ত্রী বলেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই, যেখানে বিচার হবে সম্পূর্ণ প্রভাব মুক্ত এবং জনগণ ন্যায় বিচার পাবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান আরও বলেন, আওয়ামী সরকার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে হাজারো মানুষকে আহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে এবং জেল খাটতে হয়েছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। বিচার ব্যবস্থা হবে স্বাধীন ও জনগণের আস্থার জায়গা।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রভাব মুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান উন্নত করার পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন সহজে আইনি সেবা পায়, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিচার ব্যবস্থার আধুনিকায়নেও সরকার কাজ করছে, যা দেশের জন্য মঙ্গলজনক।
শেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জীবনের ১৬ বছর তিনি আদালতের বারান্দায় কাটিয়েছেন এবং সে সময় দুর্বিষহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমপি হয়েও ১২০ মামলার আসামি ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা চাই বিচার প্রার্থীরা যেন প্রকৃত ন্যায় বিচার পান এবং বার ও বেঞ্চের সম্পর্ক আদর্শিক ভিত্তির ওপর গড়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
খুলনা জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।