খুলনার নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার : পিবিআইয়ের তদন্তে হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার নদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার : পিবিআইয়ের তদন্তে হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১।
খুলনার লবণচরা থানাধীন পুটিমারি দশগেট এলাকার কাজীবাছা নদীর তীরে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৬ আগস্ট, ২০২৫ সালে দুপুর ২টা ২৮ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা পুরুষের বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহটি অতিমাত্রায় পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রূপসা নৌ-পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা (ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়, তিনি যশোর জেলার অভয়নগর থানার পোতপাড়া গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৫৪)।
মামলাটি প্রথমে নৌ-পুলিশ তদন্ত করলেও আদালতের নির্দেশে গত ১৫ জানুয়ারি ২০২৬ সালে পিবিআই খুলনা জেলার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এসআই (নিঃ) রেজোয়ান মামলাটির তদন্ত করছেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই গত ২১ এপ্রিল ২০২৬ সালে রাত ১২টা ১৫ মিনিটে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন শেরে-ই-বাংলা রোড এলাকা থেকে যশোরের অভয়নগরের পাইকপাড়া গ্রামের মোঃ দ্বীন ইসলাম শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানায়, নিহত শফিকুল ইসলাম ও পলাতক মূল আসামি রুবেল (ছদ্মনাম) এক সঙ্গে কাঠের ব্যাবসা করতেন। ব্যাবসায়িক লেনদেনের প্রায় ১২-১৪ লাখ টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রুবেল হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, আগস্ট ২০২৫-এর মাঝামাঝি সময়ে রুবেল গ্রেফতারকৃত দ্বীন ইসলামকে ৫ হাজার টাকার বিনিময়ে তার নৌকা ভাড়া করে। তাকে বলা হয়, বস্তা বন্দি একটি মূর্তি নদী পার করে দিতে হবে।
ঘটনার দিন ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে দ্বীন ইসলাম নৌকা নিয়ে ভাটপাড়া ঘাটে উপস্থিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, নৌকায় ইট তোলা হয় এবং পরে রুবেল ও তার সহযোগী সৌখিন নৌকা থেকে নেমে গিয়ে কিছুক্ষণ পর বস্তা বন্দি অবস্থায় শফিকুল ইসলামের মৃতদেহ নিয়ে আসে।
পরবর্তীতে তারা ভৈরব নদীর মাঝখানে গিয়ে বস্তার ভেতরে ইট ঢুকিয়ে মৃতদেহটি পানিতে ফেলে দেয় এবং ঘটনাটি গোপন রাখার নির্দেশ দেয়।
পিবিআই জানিয়েছে, মামলার মূল আসামি রুবেল (ছদ্মনাম) এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।