
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান ও এসপি হিসেবে বদলি তাজুল ইসলামকে সম্মাননা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দায়িত্ব পালন শেষে পদোন্নতি ও বদলিজনিত কারণে দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) থেকে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় যোগদানের প্রাক্কালে এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-কে পুলিশ সুপার, খুলনা হিসেবে বদলি হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিস্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের কর্ম জীবনের সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা কেএমপিতে দায়িত্ব পালনকালে দুই কর্মকর্তার পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁদের নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী দুই কর্মকর্তা দায়িত্বশীল ও কর্মঠ নেতৃত্বের মাধ্যমে কেএমপির কার্যক্রমকে গতিশীল করেছেন। তাঁদের সততা, দক্ষতা ও জনবান্ধব আচরণ সহকর্মীসহ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তিনি তাঁদের ভবিষ্যৎ কর্ম জীবনে আরও সাফল্য কামনা করেন এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সার্বিক মঙ্গল প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।