গোপালগঞ্জে পুলিশের ধাওয়ায় বিজিবি সদস্যের মৃত্যুটা রহস্যজনক,আঘাতের চিহ্ন মিলেছে মৃতের শরীরে।

এ জেড. আমিনুজ্জামান রিপন :

জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে বিজিবি সদস্যের মৃত্যু।

“ময়না তদন্তে লাশের গায়ে আঘাতের চিহৃ পাওয়া গেছে । ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিডিআর সদস্যর মৃত্যুর প্রকৃত রহস্যটা বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে”

গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর একটি পুকুর পাড় থেকে হাফিজুর রহমান লিটন (৪৮) নামে সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয় হাফিজুর। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তাকে পায় না পরিবারের সদস্যরা। বুধবার ভোরে হাফিজুরের লাশ পড়ে থাকতে দেখে  পরিবার ও বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিহতের চাচা আমিনুল ইসলাম বলেন, ঘটনার সময় হাফিজুরসহ আরো কয়েকজনের মোবাইলফোন নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।আটককৃতদের টাকার বিনিময়ে আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।  এদিকে বুধবার লাশ পাওয়ায় পুলিশকে খবর দিলে তারা ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন, তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো: আনসার উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল। এমন খবরে সাড়ে ৬টার দিকে বৌলতলী পুলিশ ফাড়ির এএসআই শামীমের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে ধাওয়া করে।
সেখানে থাকা হাফিজুর রহমানসহ ১০-১৫ জন ছোটাছুটি করে পালিয়ে যায়। হাফিজুর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। বুধবার সকালে একটি পুকুর পাড়ে হাফিজুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।