খুলনা ইউনিভার্সিটির শিক্ষকের উপরে হামলাকারী নোমান গ্রেফতার।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা ইউনিভার্সিটির শিক্ষকের উপরে হামলাকারী নোমান গ্রেফতার।খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশ। অভিযুক্ত নোমান খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার ১৩ মে রাত আনুমানিক ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন একজন রোগীকে দেখতে এসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার প্রসূতি বিভাগের সামনে থেকে নোমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। খুবি এর শিক্ষার্থী নোমানকে আটকের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। উল্লেখ্য গত শনিবার ৩ মে বিকালে খুলনা ইউনিভার্সিটির ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে। উল্লেখ্য গত ২মে সন্ধ্যায় পুরাতন প্রশাসনিক ভবনের পাশে শারীরিক ভাবে আঘাত করেন এই শিক্ষকের উপর। ঘটনার পরপরই তা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খুলনা ইউনিভার্সিটির শিক্ষকের উপরে হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গত শনিবার ৩ মে গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।