মোংলা বন্দর হবে অর্থনীতির নতুন প্রবেশদ্বার: প্রধানমন্ত্রী

এস এম তাজ আশরাফী :

মোংলা বন্দর হবে অর্থনীতির নতুন প্রবেশদ্বার: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরকে আধুনিকায়ন ও এর সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মোংলা বন্দরকে ঘিরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ বিস্তীর্ণ অঞ্চলে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সকাল ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বন্দরপ্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে এ বন্দরকে কেন্দ্র করে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

তিনি বলেন, পঞ্চগড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সড়ক যোগাযোগ, বন্দরের সরবরাহব্যবস্থা এবং পণ্য পরিবহন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিতে চায় সরকার। এসব অবকাঠামো উন্নত হলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ বন্দর শুধু পণ্য আমদানি-রপ্তানির কেন্দ্রই নয়, বরং একটি বড় অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি একই সঙ্গে খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম চালু করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এখন জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। মোংলা বন্দর জ্বালানি, সার, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বন্দরের অবদান আরও বাড়ানো সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের আওতায় আধুনিক কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং সুবিধাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত সময়ে এসব কাজ শেষ করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সারা দেশের জন্যও নতুন অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হবে।

তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই প্রকল্পের সাফল্য আসবে না বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্দরসেবার মান কতটা বাড়ল, পণ্য পরিবহনে সময় ও ব্যয় কতটা কমল, বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বৃদ্ধি পেল এবং পরিবেশ কতটা সুরক্ষিত রাখা গেল—এসব বিষয় দিয়েই প্রকল্পের প্রকৃত সাফল্য মূল্যায়ন করতে হবে।

তিনি মোংলা বন্দরে পরিবেশবান্ধব সেবা ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং জাহাজের নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তার মানদণ্ড অনুসরণ করে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপজ্জনক কার্যক্রমে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে।

তিনি জানান, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মোংলা বন্দরের আধুনিকায়ন কেবল একটি বন্দর উন্নয়ন প্রকল্প নয়; বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের আঞ্চলিক বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক বিকাশের বড় সম্ভাবনা।