খুলনা থেকে সারা দেশে ছড়িয়ে পড়ল ক্রীড়ার নতুন স্বপ্ন।

মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপের্টার :

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর

প্রধানমন্ত্রীর হাতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের পর্দা উঠল। শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর।

তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করলে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিশু-কিশোর শিক্ষার্থী ও ক্ষুদে ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীও তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন। খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়। এর ফলে খুলনার উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে তৃণমূল পর্যায়ের ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে নতুন ক্রীড়া প্রতিযোগিতার যাত্রা শুরু হলো।

এবারের আসরে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর। তাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। দ্বিতীয় আসরে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগের আটটি ইভেন্টের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস।

জানা গেছে, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে এবারের প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার শিশু-কিশোরদেরও নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্য থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের সুযোগ তৈরি হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির ভিত্তি শক্তিশালী করা। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় খেলার মাঠের সুযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ক্রীড়া প্রতিভা বিকাশে শুধু বড় শহর নয়, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনা জরুরি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর সেই কাজকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে। বিপুলসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ২ মে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর শুরু হয়েছিল। প্রথম আসরের অভিজ্ঞতার পর দ্বিতীয় আসরকে আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান তাই কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতার সূচনা নয়—তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।