প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনেই প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনেই প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জনবহুল এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম শেখ (৩৫)। তিনি ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে যখন জেলাজুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা চলছিল, ঠিক সেই দিনেই দিনের আলোয় এমন হত্যাকাণ্ডের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত কি না, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।