

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে জাপানপ্রবাসী এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম বিপ্রদাস মন্ডল (২৭)। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি ৪ নম্বর ওয়ার্ডের বিরেন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত বিপ্রদাস মন্ডলের বড় ভাই বিতুল মন্ডল বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে একই এলাকার দিনবন্ধু মন্ডলের দুই ছেলে অরুণ মন্ডল (৪৮) ও পলাশ মন্ডল (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জাপানপ্রবাসী বিপ্রদাসের মাথার ডান পাশে শক্ত কাঠ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তাঁর চোখের পর্দা ফেটে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ ছাড়া হামলাকারীদের কয়েকজন লাঠি দিয়ে তাঁর হাত-পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। হামলার খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত বিপ্রদাসকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিপ্রদাসের বাবা বিরেন মন্ডল বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন পর তাঁর ছেলে বাড়িতে এসেছেন। কয়েক দিনের মধ্যেই তাঁর বিয়ের কথা ছিল। কিন্তু হামলার কারণে ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিপ্রদাস দীর্ঘদিন ধরে জাপানে থাকতেন। বিয়ে করার উদ্দেশ্যে কয়েক দিনের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। তাঁর বাবার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যার উদ্দেশ্যে এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অরুণ মন্ডল ও পলাশ মন্ডলের বাড়িতে গেলে পরিবারের কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। এ সময় অভিযুক্তদের স্ত্রীদের কয়েকজন বিষয়টি তাঁদের ভুল হয়েছে বলে জানান। পরে মুঠোফোনে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন ঢালী বলেন, তাঁর এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বরইহাটি গ্রামে জাপানপ্রবাসী বিপ্রদাসকে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।