
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় আমগাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানান, সকালে মিলন মোল্লার স্ত্রী জবেদা বেগম বাড়ির পাশের একটি আমগাছে তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি তাঁকে খবর দেন। খবর পেয়ে সেলিম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
গ্রাম পুলিশ সেলিম হাওলাদার আরও জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তাঁর বাবার নাম মৃত রায়হান মোল্লা। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে তিনি শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদা বেগমকে বিয়ে করেন। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
অভাব-অনটনের সংসারে মিলন দিনমজুরি করে এবং তাঁর স্ত্রী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি গ্রাম পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।