
ক্রাইম নিউজ ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের মৃত্যু আগুন নাকি হুড়োহুড়িতে পদদলিত হয়ে—তা নিয়ে তৈরি হয়েছে পরস্পরবিরোধী তথ্য। এ ঘটনায় সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে ও পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। কন্ট্রোল রুম থেকে বের হওয়া ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে সবাই সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
কয়েকটি সূত্রের দাবি, এ সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। এছাড়া প্রায় এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্য তারা পেয়েছেন।
তবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যাদের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। তথ্য নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।
হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলামও সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত অগ্নিকাণ্ডে সরাসরি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেননি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে প্রতিদিনই বিভিন্ন রোগীর স্বাভাবিক মৃত্যু ঘটে। আগুনের ঘটনার সঙ্গে এসব মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
অন্যদিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক বেসরকারি কর্মকর্তা দাবি করেন, আগুনের ঘটনায় সৃষ্ট ধোঁয়া ও আতঙ্কের মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, লিফটের কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ময়মনসিংহ সদর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জসহ পাঁচটি ফায়ার স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে আগুনের উৎস শনাক্ত করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ, মৃত্যুর প্রকৃত কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডে প্রকৃতপক্ষে কতজনের মৃত্যু হয়েছে এবং তাদের মৃত্যুর সঙ্গে আগুন বা পদদলিত হওয়ার সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।