
এস. এম. তাজ আশরাফী :

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যেকোনো প্রয়োজনে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই শহীদ সেনাসদস্যের স্ত্রী, শিশু সন্তান ও বাবা-মায়েরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
সেনাবাহিনীর পক্ষ থেকেও শহীদদের পরিবারের জন্য বেশ কিছু সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদদের নিজ গ্রামে একটি করে বাড়ি নির্মাণ, তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা, সন্তানদের মানসম্মত চিকিৎসাসেবা এবং মাসিক ভাতা প্রদানের বিষয় রয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। একই ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
দেশের সুরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্যের এই আত্মত্যাগে তাঁদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। রাষ্ট্রীয় পর্যায় থেকে আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস তাঁদের পরিবারের পাশে থাকার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।