যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানিতে শীর্ষ দশে বাংলাদেশ।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানিতে শীর্ষ দশে বাংলাদেশ।

১ বছরে চাল আমদানি ব্যয় বেড়েছে প্রায় ১ হাজার ৩৬৫ গুন।

চাল উৎপাদনে ভারত ও চীনের পরই বাংলাদেশের অবস্থান। বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ হলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ চাল আমদানি করতে হয়।
ভৌগোলিক ভাবে কাছে হওয়া, পরিবহন সুবিধা এবং তুলনামূলক কম দামের কারণে বাংলাদেশের চাল আমদানির প্রধান উৎস দীর্ঘদিন ধরেই ভারত। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশের চাল আমদানি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) ২০২৫ সালের চাল রপ্তানি সংক্রান্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ ক্রেতা দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের অবস্থান দশম।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ৪৭ হাজার ৫৫০ টন চাল আমদানি করেছে। এসব চালের মোট আর্থিক মূল্য ছিল ৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৩৬ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের চালের সবচেয়ে বড় ক্রেতা জাপান। এরপর রয়েছে যথাক্রমে হাইতি, মেক্সিকো, কানাডা, ইরাক, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস ও তাইওয়ান। এই তালিকার দশম অবস্থানেই রয়েছে বাংলাদেশ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের চাল আমদানির ব্যয় এক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে। ২০২৫ সালে দেশটি থেকে চাল আমদানিতে বাংলাদেশের ব্যয় আগের বছরের তুলনায় প্রায় ১ হাজার ৩৬৫ গুণ বেড়েছে।
এদিকে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ১২ লাখ ৮৫ হাজার ৫৫০ টন চাল আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চালের পরিমাণ দেশের মোট আমদানির তুলনায় তুলনামূলক ভাবে কম হলেও উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের গুরুত্ব এবং আমদানির প্রবৃদ্ধি বিশেষ ভাবে নজর কেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশে চাল আমদানিতে মোট ব্যয় হয়েছে ৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। মোট আমদানি ব্যয়ের তুলনায় যুক্তরাষ্ট্রের অংশ ছোট হলেও দেশটি থেকে চাল আমদানির প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ৯৩৩ গুণ।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চালের বাজারে ভারত ঐতিহাসিক ভাবে প্রধান সরবরাহকারী হলেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, দাম, সরবরাহের নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তার বিষয় গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশকে বিভিন্ন উৎস থেকে চাল আমদানি করতে হচ্ছে। সেই ধারায় যুক্তরাষ্ট্র থেকেও চাল আমদানির পরিমাণ ও গুরুত্ব সাম্প্রতিক সময়ে বেড়েছে।

চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আমদানিনির্ভরতার এই চিত্র দেশের খাদ্য নিরাপত্তা, উৎপাদন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।