
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যমান হচ্ছে। জ্বালানি ও গ্যাসের সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, কমছে সার উৎপাদন। একই সঙ্গে পরিবহন, কৃষি, খাদ্যপণ্যের দাম ও মানুষের আয়-রোজগারেও পড়ছে চাপ।
বিশ্ব ব্যাংকের এক মূল্যায়নে সতর্ক করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘ হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে।
বিশ্ব ব্যাংকের জুনের মাঝামাঝি সময়ের মূল্যায়ন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ না হলে ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা কমে প্রায় ৫ লাখে নেমে আসতে পারে।
অর্থাৎ যুদ্ধের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হারাতে পারেন।
বাংলাদেশের অর্থনীতি জ্বালানির জন্য ব্যাপক ভাবে আমদানিনির্ভর। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ক্ষেত্রে নির্ভরতা বেশি।
দেশের মোট প্রাথমিক জ্বালানি সরবরাহের অর্ধেকের বেশি আসে গ্যাস থেকে। অথচ ২০১৬ সালের সর্বোচ্চ উৎপাদনের তুলনায় বর্তমানে দেশের গ্যাস উৎপাদন প্রায় ১৫ শতাংশ কমেছে।
বাংলাদেশের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ এবং এলএনজির ৫৫ থেকে ৬০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। ফলে ওই অঞ্চলে সংঘাত বা সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে বাংলাদেশ সরাসরি এর প্রভাবের মুখে পড়ে।
আন্তর্জাতিক বাজারে এলএনজির দামও বেড়েছে। স্পট মার্কেটে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম প্রায় ২৪ থেকে ২৮ ডলারে উঠেছে, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
সরবরাহ সংকটের মধ্যেই সেপ্টেম্বরের জন্য দুটি এলএনজি চালান কিনতে বাংলাদেশকে প্রতি ইউনিটে ২৪ ডলারের বেশি দিতে হয়েছে।
জ্বালানির দাম বাড়লে এর প্রভাব শুধু তেল ও গ্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাড়ে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের খরচ, বেড়ে যায় শিল্পকারখানার উৎপাদন ব্যয়। শেষ পর্যন্ত এর চাপ পড়ে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।
বিশ্ব ব্যাংকের হিসাবে, জ্বালানির বাড়তি দাম ধাপে ধাপে ভোক্তার ওপর চাপানো হলে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশের বেশি বাড়তে পারে।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্নআয়ের ও দরিদ্র মানুষ। ফলে দারিদ্র্য বাড়ার পাশাপাশি ধনী-গরিবের বৈষম্যও আরও বাড়তে পারে।
বিশ্ব ব্যাংকের হিসাবে, শুধু ২০২৫ সালেই বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ১৪ লাখ বেড়েছে।
জ্বালানি সংকটের প্রভাব পড়ছে কৃষিতেও। সার ও অন্যান্য কৃষি উপকরণের আমদানি ও সরবরাহে সমস্যা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ছোট কৃষকেরা।
বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশে প্রতি হেক্টর জমিতে গড়ে ৩৯১ দশমিক ৯ কেজি সার ব্যবহার করা হয়, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি।
এদিকে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিকে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলে বিশ্বব্যাংকের মূল্যায়নে উঠে এসেছে।আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। সংকট দীর্ঘ হলে সারের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কাও জানিয়েছে বিশ্বব্যাংক।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে সরকারের ওপরও বাড়ছে আর্থিক চাপ।
বিশ্ব ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৮ শতাংশে উঠতে পারে।
সব মিলিয়ে সরকারের মোট ভর্তুকির চাপ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ বিলিয়ন থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। সাম্প্রতিক বছর গুলোতে এই পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
বাড়তি ভর্তুকির অর্থ জোগাতে গিয়ে সরকারকে অন্যান্য খাতে ব্যয় কমাতে হলে সামাজিক নিরাপত্তা ও জরুরি সেবায়ও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।
স্বাস্থ্য খাতেও বাড়ছে চাপ
জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে স্বাস্থ্য খাতেও। দেশের প্রায় ১৯ হাজার সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ৬ হাজার ২০০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালন ব্যয় বাড়ছে।
বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে জেনারেটর ব্যবহার করতে হয়। এতে জ্বালানি ব্যয় আরও বেড়ে যায়।
দেশের ওষুধ শিল্পও আন্তর্জাতিক সরবরাহ সংকটের ঝুঁকিতে রয়েছে। প্রায় ২৫০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিদেশ থেকে উৎপাদনের কাঁচামাল আমদানি করে। পাশাপাশি হাসপাতাল গুলোতে ব্যবহৃত ৯০ শতাংশের বেশি সরঞ্জাম আমদানিনির্ভর।
ফলে আন্তর্জাতিক জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়লে স্বাস্থ্যসেবার খরচও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাংকের আশঙ্কার কিছু লক্ষণ বাংলাদেশে ইতোমধ্যে দেখা যাচ্ছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
তার মতে, শিল্পকারখানায় নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, কোথাও কাজের সময় কমানো হয়েছে এবং জ্বালানি সংকটের কারণে কিছু কারখানা বন্ধও হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে কারখানা বন্ধ ও শ্রমিকদের চাকরি হারানোর ঘটনাও পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করছে।অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও স্বীকার করেছেন, বর্তমান সংকট একদিনে সমাধান করা সম্ভব নয়।তার মতে, আগের সময় থেকে পাওয়া সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের জন্য শুধু জ্বালানি সংকট তৈরি করছে না; এর প্রভাব ছড়িয়ে পড়ছে চাকরি, দারিদ্র্য, মূল্যস্ফীতি, কৃষি, শিল্প, স্বাস্থ্যসেবা এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায়।
বিশ্ব ব্যাংকের সতর্কতা বলছে, সংকট দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতিতে এর সামাজিক প্রভাব আরও গভীর হতে পারে।