গোপালগঞ্জে মাদকের গড ফাদার উজ্জ্বল, ৬৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার, পুলিশের বড়ো সফলতা।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে মাদকের গড ফাদার উজ্জ্বল, ৬৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার, পুলিশের বড়ো সফলতা।

গোপালগঞ্জে গভীর রাতে অস্থায়ী চেকপোস্টে একটি বিলাসবহুল মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জ জেলা পুলিশে এই  মাদক বিরোধি সফল অভিযানে অনেকটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

এ সময় মাদক পরিবহনের অভিযোগে উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। রাত ৩টার দিকে একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস চেকপোস্টে পৌঁছালে সন্দেহ হওয়ায় গাড়িটি থামানো হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় প্রথমে উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর মাইক্রোবাসে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ভুয়া নম্বর, প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে এসব মাদক গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগও রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।