খুলনায় দুর্নীতি মামলায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার  ঃ

খুলনায় দুর্নীতি মামলায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামীণ ব্যাংক শাখার ১৯৩ জন গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক চার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত। এর মধ্যে তিন কর্মকর্তাকে ৩০ বছর করে এবং অপর একজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের বেঞ্চ সহকারী এই প্রতিবেদককে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক খুলনা সমন্বিত কার্যালয়ের সরকারি কৌঁসুলি মো. মোফাককার হোসেন মনি গণমাধ্যমকে জানান, একটি মামলায় ১২৬ জন গ্রাহকের ৫ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের দায়ে তিনজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর মামলায় ৬৭ জন গ্রাহকের ৩ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের দায়ে আরও ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ফলে পৃথক দুই মামলায় তিন আসামির মোট ৩০ বছর করে কারাদণ্ড হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস এবং সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন। একই সঙ্গে দুটি মামলায় আত্মসাৎ করা টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে।জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

দুটি মামলার বাদী ছিলেন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল।