
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে সাংবাদিক ও সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫)-কে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনা।
কেএমপি সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে খালিশপুর থানাধীন নতুন রাস্তার মোড় এলাকা থেকে মোঃ আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিঠু শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিক ও সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।