
আরিফুল হক আরিফ, নিজস্ব প্রতিবেদক:

পিজি হাসপাতালে দেখতে গেলেন এমপি এস এম জিলানীসহ বিএনপি নেতৃবৃন্দ ।
ঢাকার পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সফল অস্ত্রোপচার শেষে সুস্থতার পথে রয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কেএম বাবর। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন।
ফোঁড়াজনিত শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে পিজি হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য ড. কেএম বাবর। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
এদিকে চিকিৎসাধীন সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত শনিবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পিজি হাসপাতালে গিয়ে ড. কেএম বাবরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্যসচিব ফজলুল কবির দারা এবং গোপালগঞ্জ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, এমপি ড. কেএম বাবর বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করছেন তিনি।
নেতৃবৃন্দ আরও জানান, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই ড. কেএম বাবর নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।
এদিকে নিজের দ্রুত পূর্ণ সুস্থতার জন্য গোপালগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন সংসদ সদস্য ড. কেএম বাবর।