ওষুধের দাম নির্ধারণে সরকারের সিদ্ধান্তে প্রশ্ন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ওষুধের দাম নির্ধারণে সরকারের সিদ্ধান্তে প্রশ্ন।

জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে ? রোগীর স্বার্থ, নাকি ওষুধ কোম্পানির ব্যবসায়িক স্বার্থ—সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এমন প্রশ্নই এখন সামনে এসেছে।

গত ৩ আগস্ট মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকারের করা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা-২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬’ বাতিল করে ৩২ বছর আগের সিদ্ধান্ত পুনর্বহাল করেছে। এর ফলে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা ২৯৫ থেকে আবার ১১৭টিতে নেমে এসেছে।

সরকারের এই সিদ্ধান্ত কতটা জনমুখী হয়েছে, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।অন্তর্বর্তী সরকার ওষুধ শিল্প মালিকদের আপত্তি উপেক্ষা করে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা ১১৭ থেকে বাড়িয়ে ২৯৫টি করেছিল। এসব জরুরি ওষুধের দাম সরকার নির্ধারণ করবে বলে গেজেটও প্রকাশ করা হয়েছিল।

দেশের বাজারে ওষুধের সংখ্যা অন্তত ৭৩৯টি। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা ১১৭ থেকে বাড়িয়ে ২৯৫টি করার উদ্যোগকে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।
কিন্তু বর্তমান সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে আবার ৩২ বছর আগের সিদ্ধান্তে ফিরে গেছে।
এখন সরকার ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত কার স্বার্থ বেশি সুরক্ষিত হলো?
কারণ ৩২ বছর আগের তালিকায় থাকা ১১৭টি ওষুধের অনেকগুলোই বর্তমানে বাজারে নেই। দাম ও লাভ কম হওয়ায় অনেক কোম্পানি এসব ওষুধ উৎপাদন করে না।

চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে এসব ওষুধ প্রেসক্রিপশনে লেখেন না।ফলে পুরোনো তালিকা পুনর্বহাল হলেও কোম্পানিগুলোর ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা খুব বেশি নেই।এর একটি উদাহরণ হলো নাপা।

নাপা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় রয়েছে। কিন্তু নাপা এক্সট্রা কিংবা নাপা এক্সটেন্ড তালিকায় নেই। ফলে সরকার নাপার দাম নির্ধারণ করতে পারলেও নাপা এক্সট্রা বা নাপা এক্সটেন্ডের মতো সংস্করণগুলোর দাম নির্ধারণ করতে পারবে না।
এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা কি এমনভাবে করা হয়েছে, যেখানে মূল ওষুধটি সরকারি মূল্য নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু বাজারে বহুল ব্যবহৃত বিভিন্ন সংস্করণ ও ব্র্যান্ডের মূল্য নির্ধারণের সুযোগ কোম্পানির হাতে থেকে যাবে ?
যদি এমন হয়, তাহলে সাধারণ রোগীর স্বার্থ কতটা সুরক্ষিত হলো?
ওষুধ কোনো সাধারণ ভোগ্যপণ্য নয়। মানুষ শখ করে ওষুধ কেনে না। একজন অসুস্থ মানুষ জীবন বাঁচানোর জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে বাধ্য হন।

তাই ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে রোগীর সামর্থ্য ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

কিন্তু অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের দায়িত্ব যদি কোম্পানিগুলোর হাতে থাকে, তাহলে তারা রোগীর স্বার্থকে অগ্রাধিকার দেবে, নাকি ব্যবসায়িক মুনাফাকে—এ প্রশ্নের উত্তর কে দেবে?
অন্তর্বর্তী সরকারের সময়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই প্রণয়ন করা হয়েছিল—এই যুক্তি দেখিয়ে সরকার ওই তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করেছে।
২০২৩ সালের আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক—সরকারের পক্ষ থেকে এমন যুক্তি দেওয়া হয়েছে।

তবে যে সময় নতুন তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়ন করা হয়েছিল, তখন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠিতই হয়নি। পরিষদটি গঠিত হয়েছে গত ২৯ জুন।

এ অবস্থায় সরকার চাইলে অন্তর্বর্তী সরকারের করা তালিকাটি বহাল রেখে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সংশোধন করতে পারত। প্রয়োজন অনুযায়ী কিছু ওষুধ বাদ দেওয়া বা নতুন ওষুধ যুক্ত করা যেত। একই সঙ্গে মূল্য নির্ধারণ পদ্ধতিও পুনর্বিবেচনা করা সম্ভব ছিল।

হাইকোর্টের রায় অনুযায়ী সরকারের ওষুধের তালিকা ও দাম নির্ধারণের ক্ষমতা রয়েছে বলেও বিষয়টি আলোচনায় এসেছে।

তাহলে পুরো তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করে একেবারে ৩২ বছর আগের সিদ্ধান্তে ফিরে যাওয়ার প্রয়োজন হলো কেন ?
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সিদ্ধান্তে রোগীর স্বার্থ কতটা রক্ষা পেল ?
ফ্রিল্যান্স সাংবাদিক আল মাসুম খান মনে করেন, জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার সুযোগ নেই। কারণ একজন রোগী ওষুধের দাম নিয়ে দর-কষাকষি করার অবস্থায় থাকেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ কিনতেই হয়।

সরকারের সিদ্ধান্ত আইন ও বিধি মেনেই নেওয়া হয়েছে—এমন ব্যাখ্যা থাকলেও জনস্বার্থের প্রশ্নটি থেকেই যাচ্ছে।
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২৯৫ থেকে কমিয়ে ১১৭ করা এবং অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের সুযোগ কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে শেষ পর্যন্ত কার স্বার্থ বেশি সুরক্ষিত হলো—রোগীর, নাকি ওষুধ শিল্পের ?
এই প্রশ্নের উত্তর এখন সরকারের কাছেই প্রত্যাশিত। দেশ ও মানুষের স্বার্থেই এই প্রশ্ন তোলা জরুরি।