র‍্যাব-৬ এর অভিযানে ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

র‍্যাব-৬ এর অভিযানে ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার।

খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম (২০) ও আয়শা। র‍্যাব জানিয়েছে, নাসির উদ্দীন সেন্টু ও সাফিয়া বেগম বর্তমানে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাবের দাবি, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার নাসির উদ্দীন সেন্টুর রাজনৈতিক ও সামাজিক পরিচয় নিয়েও তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, তার কাছে বিএনপি মিডিয়া সেলের পরিচয় পত্র পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি খুলনায় বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে কাজ করতেন বলেও জানা গেছে। এছাড়া তিনি খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে নিজেকে খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার তথ্যও দেখা গেছে। তবে এসব পরিচয় বা সাংগঠনিক সম্পৃক্ততার সঙ্গে মাদক উদ্ধারের ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হবে।
র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব -৬ গণমাধ্যমকে আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য সহ সদর থানায় হস্তান্তর করা হবে।