সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই।

মো. সাইফুর রশিদ চৌধুরী : বিশেষ প্রতিবেদক :

সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব পদমর্যাদার কূটনীতিক এম. আমিনুল ইসলাম (দুলু মিয়া) আর নেই।

গত রোববার সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর দিন বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

এম. আমিনুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও অভিজ্ঞ কূটনীতিক। কর্মজীবনের শুরুতে তিনি তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সরকারের অধীনে দায়িত্ব পালন অব্যাহত রাখেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি কানাডা, ভারত, ভুটান, লিবিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য তিনি দেশ-বিদেশে সুনাম অর্জন করেন।

সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামে। তিনি ওই গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম নজিবুর রহমান মিয়া।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুম এম. আমিনুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।