
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সদ্য যোগদানকৃত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
তিনি বলেছেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা গ্রহণযোগ্য হবে না। পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
সভায় সভাপতির বক্তব্যে কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান খুলনা মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কৌশল গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এ দায়িত্ব পালনে নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্, ভারপ্রাপ্ত)সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন পুলিশ কমিশনারের এ নির্দেশনাকে নগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবায় আরও গতি আনার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।