গোপালগঞ্জে গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেখ ফরিদ আহমেদ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে গানে গানে জুলাই' শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০২৪-এর চেতনায় গোপালগঞ্জে সুরের প্রচ্ছায়া : ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠানে নতুন বাংলাদেশের স্বপ্ন ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা, অসামান্য আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে জুলাই’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় শহরের শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সোমবার (৩ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক উদ্দীপনামূলক অনুষ্ঠানের শুভ উদ্‌বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের আয়োজক, পরিচালক, সম্পাদক ও নির্দেশক জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত সফলভাবে অনুষ্ঠানটি পরিচালনার পাশাপাশি বিশিষ্ট উপস্থাপিকা ও শিক্ষিকা শাহানাজ পারভীন শিলুর হাতে সঞ্চালনার দায়িত্ব অর্পণ করেন। তাঁর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি পুরো সময় জুড়েই ছিল প্রাণবন্ত ও গোছানো।
সন্ধ্যা গড়াতেই গোপালগঞ্জ শিল্পকলা অডিটোরিয়াম রূপ নেয় এক খণ্ড দেশপ্রেমের আঙিনায়। স্থানীয় শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজস্ব পরিবেশনায় পরিবেশন করে একের পর এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ী দেশাত্মবোধক গান। আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কালজয়ী ও উজ্জীবিত গানগুলোর সুরের ঝংকার, যা উপস্থিত দর্শকদের মধ্যে এক বর্ণনাতীত আবেগ ও অভাবনীয় উদ্দীপনার সৃষ্টি করে।
এই ঐতিহাসিক সুরসন্ধ্যায় অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় একঝাঁক শিল্পী গোষ্ঠী। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ; জেলা শিশু একাডেমি, গোপালগঞ্জ; ত্রিবেণি গণ সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী জেলা সংসদ; সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, মধুমতি শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ; কালচারাল ক্যানভাস, বিশ্ব বীণা সংগীতালয়, মৃদঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বন্ধন শিল্পী গোষ্ঠী, সুর ঝংকার শিল্পী গোষ্ঠী এবং সোনার তরী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক-শ্রোতারা জানান, জুলাই অভ্যুত্থানের বীরত্ব ও চেতনাকে তরুণ প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অনন্য ভূমিকা রাখবে। সুর ও বাণীর এই মেলবন্ধন নতুন বাংলাদেশ গড়ার পথে জেলাবাসীকে পুনরায় অনুপ্রাণিত করেছে।