বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা।

বাবার মরদেহ দাফন করে রাতেই ফিরেছেন এটিএম বুথের কর্মস্থলে। এক হাতে দায়িত্ব, অন্য হাতে বই। চোখে বাবাকে হারানোর কষ্ট, বুকভরা শোক; তবুও থেমে নেই বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন।

জীবনের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ইকন প্রমাণ করছেন, দায়িত্ব আর স্বপ্নের লড়াইয়ে মানুষ কতটা শক্ত হতে পারে। বিকেলে বাবার জানাজা ও দাফন শেষে রাতে তাকে দেখা গেছে এটিএম বুথের দায়িত্ব পালন করতে। আর পরদিন সকালেই বসতে হয়েছে এইচএসসি পরীক্ষার হলে।

বাগেরহাট জেলা শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। বাবাকে হারানোর শোক সামলানোর পাশাপাশি এখন তাকে বহন করতে হচ্ছে পরিবারের দায়িত্ব, নিজের পড়াশোনা এবং জীবিকার সংগ্রাম।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ইমন এবং ইকনকে রেখে গেছেন। জোহরের নামাজের পর বাগেরহাট শহরের মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জীবিকার তাগিদে ইসরাফিল মোটর সাইকেল চালিয়ে সংসার চালাতেন। বড় ছেলে ইমন এক সময় বাবাকে সহযোগিতা করতেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর পরিবারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে ছোট ছেলে ইকনের ওপর।

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে তিনি বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন।

উল্লেখ্য বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই কর্মস্থলে যোগ দেন ইকন। রাত ১০টার দিকেও তাকে দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশে ছিল বই, সামনে ছিল পরীক্ষার প্রস্তুতি। অথচ কয়েক ঘণ্টা আগেই তিনি হারিয়েছেন জীবনের সবচেয়ে বড় আশ্রয় বাবাকে।

২৩ জুলাই সকালে তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে অসুস্থ বড় ভাই, পরিবারের দায়িত্ব এবং নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই, সবকিছু নিয়েই পরীক্ষার হলে বসেন ইকন।

এইচএসসি পরীক্ষার্থী ইকনের এই সংগ্রামী জীবন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আবেগের সৃষ্টি করেছে। অনেকেই তার দায়িত্ববোধ, সাহস ও পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ়তার প্রশংসা করেছেন। স্থানীয়রা ইকন ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।