
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশের পরিবর্তিত ভূ-রাজনৈতিক কৌশল এবং নতুন সরকারের বৈদেশিক নীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।
বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিধর দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ নতুন গতি পেয়েছে। এই প্রেক্ষাপটে সার্জিও গোরের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।
বিশ্লেষকদের মতে, নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার বাইরে বিশেষ কৌশলগত প্রয়োজনেই যুক্তরাষ্ট্র বিশেষ দূত পাঠিয়ে থাকে। ফলে এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ২৮ জুলাই ঢাকা ফিরবেন। তাঁর সফর সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন বিশেষ দূতের কর্মসূচিও চূড়ান্ত করা হচ্ছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সার্জিও গোর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ও সিনেটে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি সরাসরি হোয়াইট হাউসে রিপোর্ট করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের এক মাসের মধ্যেই মার্কিন বিশেষ দূতের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই সফরে মোংলা বন্দর আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়।
এদিকে সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর করেছেন। রিয়াদ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের সফরের আমন্ত্রণ এসেছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি রাশিয়া সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিয়মিত বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও এই সফরে বেইজিং ও মস্কোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান, পাকিস্তান প্রসঙ্গ, রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বিশেষ করে ইরান ইস্যু গুরুত্ব পেতে পারে।
আন্তর্জাতিক ভূ-রাজনীতির ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ যেভাবে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, সেই নীতির বিভিন্ন দিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণে এই সফর দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।