সড়কবাতির অন্ধকারে খুলনা, বিভাগীয় শহরের মর্যাদা নিয়ে প্রশ্ন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সড়কবাতির অন্ধকারে খুলনা, বিভাগীয় শহরের মর্যাদা নিয়ে প্রশ্ন।

ছবি: পৌরসভার রাস্তার ছবি (সংগৃহীত)।

খুলনা একটি বিভাগীয় শহর। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধার বাস্তব চিত্রে এখনো রয়েছে নানা ঘাটতি। উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিক নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে এই নগরী। এর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো সড়ক বাতির বেহাল অবস্থা।

খুলনা বিভাগীয় শহর হিসেবে কী পেয়েছে আর কী পায়নি, সেই হিসাব করলে প্রাপ্তির চেয়ে না-পাওয়ার তালিকাই বড় হবে বলে মনে করেন নগরবাসীর অনেকে।

বিশেষ করে খুলনা মহনগরীর বিভিন্ন সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং বিদ্যমান সড়ক বাতিগুলো অকেজো হয়ে পড়ে থাকা নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ।

খুলনা শহরের উন্নয়ন ও সড়ক ব্যবস্থাপনায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কাজ করে থাকে। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর সমন্বিত উদ্যোগের অভাবে নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক এখনো অন্ধকারে থাকে।

খুলনা নগরীর বিভিন্ন এলাকায় দিনের পর দিন সড়ক বাতি বন্ধ পড়ে আছে। কোথাও বাতি নেই, আবার কোথাও নষ্ট বাতি সংস্কারের উদ্যোগ দেখা যায় না। এতে রাতে চলাচলকারী সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে।

বিশেষ করে খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা রূপসা সেতুর বিভিন্ন অংশেও সড়কবাতির সংকট রয়েছে। অনেক বাতি নষ্ট হয়ে পড়ে আছে, আবার কিছু এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। নগরবাসীর মতে, একটি বিভাগীয় শহরের প্রবেশপথে এমন চিত্র অত্যন্ত হতাশাজনক।
নগরবাসী মনে করেন, একটি আধুনিক শহরের পরিচয় শুধু বড় স্থাপনা দিয়ে নয়, বরং নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধার মাধ্যমে প্রকাশ পায়। যশোর, রাজশাহীর মতো শহরে যেখানে দৃষ্টিনন্দন সড়কবাতি ও আলোকসজ্জা রয়েছে, সেখানে খুলনার অনেক সড়ক এখনো অন্ধকারে ঢাকা।

খুলনা সিটি কর্পোরেশনে বসবাসরত মানুষের প্রত্যাশা, দ্রুত সব অকেজো সড়কবাতি সচল করা হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সেতু ও জনবহুল এলাকায় আধুনিক ল্যাম্পপোস্ট ও সৌন্দর্যবর্ধনকারী আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

খুলনা নগরবাসীর দাবি, খুলনাকে সত্যিকারের বিভাগীয় শহরের মর্যাদায় উন্নীত করতে হলে পরিকল্পিত উন্নয়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় নামেই বিভাগীয় শহর, বাস্তবে নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা নগরী হিসেবেই থেকে যাবে খুলনা।