খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে টলি ও হুইলচেয়ার ব্যবহারে টাকা নেওয়ার অভিযোগ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে টলি ও হুইলচেয়ার ব্যবহারে টাকা নেওয়ার অভিযোগ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা।

ছবি: সংগৃহীত।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বহনের টলি ও হুইল চেয়ার ব্যবহারের ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। উল্লেখ্য সরকারি ভাবে বরাদ্দকৃত, হাসপাতাল সমাজসেবার রোগী কল্যাণ সমিতি এবং ব্যক্তিগত উদ্যোগে সরবরাহ করা এসব সেবা বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও কিছু ব্যক্তি ও মহিলারা ফ্রি সার্ভিসের নাম ব্যবহার করে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত অর্থ দাবি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা এই প্রতিবেদককে জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী বহনের জন্য টলি ও হুইল চেয়ার ব্যবহার করতে গেলে কিছু পুরুষ ও মহিলা নিজেদের ফ্রি সার্ভিসের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। পরে সেবা দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেক সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, “রোগীর জরুরি প্রয়োজনে টলি বা হুইল চেয়ার নিতে হয়। তখন টাকা দিতে বলা হয়। না দিলে নানা ধরনের কথা শুনতে হয়। অসুস্থ রোগী ও স্বজনদের জন্য বিষয়টি খুবই কষ্টদায়ক।”

আরেক রোগীর স্বজন জানান, “দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা অনেক মানুষ আর্থিক ভাবে অসচ্ছল। সরকারি সেবার জন্য যদি অতিরিক্ত টাকা দিতে হয়, তাহলে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়।”

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী ও স্বজনের দাবি, রোগীদের সেবার স্বার্থে বিষয়টি নিয়মিত নজরদারির আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে উল্লেখ্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে সচেতন রয়েছে এবং রোগী সেবার মান নিশ্চিত করতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে থাকে।

তবে রোগী ও স্বজনদের দাবি, অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান, কঠোর মনিটরিং এবং হাসপাতালের প্রতিটি ব্লকে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

চিকিৎসাধীন রোগী ও স্বজনদের প্রত্যাশা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ও সেবার মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।