খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: ৭ দিনেও গ্রেপ্তার নেই, তথ্য মন্ত্রীকে এমইউজের স্মারকলিপি।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: ৭ দিনেও গ্রেপ্তার নেই, তথ্য মন্ত্রীকে এমইউজের স্মারকলিপি।

খুলনায় চার পেশাদার সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক গুলিবর্ষণের ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।

মঙ্গলবার (২১ জুলাই) খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা স্বাক্ষরিত স্মারক লিপিতে খুলনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই গভীর রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনার শান্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ শিশু পার্কের পাশে অবস্থানকালে সাংবাদিকদের লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত অতর্কিতে গুলি চালায়।

এ ঘটনায় এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ হুমায়ুন কবীর রানা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান আব্দুল আওয়াল শেখ হামলার শিকার হন। ছোড়া গুলিতে সাংবাদিক আব্দুল আওয়াল শেখের বুকের ডান পাশে জখম হয়।
স্মারক লিপিতে সাংবাদিক নেতারা বলেন, খুলনায় অতীতেও একাধিক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। ২০০৪ সালে হুমায়ূন কবির বালু ও মানিক চন্দ্র সাহা, ২০০৫ সালে শেখ বেলাল উদ্দিন এবং ২০০২ সালে হারুন অর রশীদ খোকন হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বল তদন্ত ও বিচার প্রক্রিয়ার কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রে পার পেয়ে গেছে। অতীতের এসব বিচারহীনতার ধারাবাহিকতাই সন্ত্রাসীদের নতুন করে সাহস জোগাচ্ছে।

খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর এ হামলার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: ৭ দিনেও গ্রেপ্তার নেই, তথ্য মন্ত্রীকে এমইউজের স্মারকলিপি।

স্মারক লিপিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।