
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িক ভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দেশটির দাবি, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি সরকারের দায়বদ্ধতার অংশ হিসেবে অভিবাসীরা যাতে অবৈধ ভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মার্কিন দূতাবাস ঢাকা জানায়, এই স্থগিতাদেশের মাধ্যমে দেশটির বিদ্যমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া, নীতিমালা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য সময় পাওয়া যাবে। পর্যালোচনার উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও করদাতাদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।যুক্তরাষ্ট্র ঢাকা দূতাবাস আরও উল্লেখ করে, অভিবাসন সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে। এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা দূতাবাসের আনুষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হবে।