​বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তাদের দেশত্যাগের মরিয়া চেষ্টা: নেপথ্যে ‘প্যাকেজ ডিল’-এর গুঞ্জন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তাদের দেশত্যাগের মরিয়া চেষ্টা: নেপথ্যে ‘প্যাকেজ ডিল’-এর গুঞ্জন।

​জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বসুন্ধরা গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষেধাজ্ঞা থাকার পরেও দেশত্যাগের চেষ্টা ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়ার মরিয়া প্রচেষ্টার নেপথ্যে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জালিয়াতির ছক রয়েছে বলে অভিযোগ উঠেছে।

​নিষেধাজ্ঞার কবলে ৮ সদস্যর বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক ঋণের মাধ্যমে হাতিয়ে নেয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের ৮ সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে দুদক। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন—আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সাদাত সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান এবং সায়েম সোবহানের স্ত্রী সাবরিনা সোবহান। এর মধ্যে সায়েম সোবহান আনভীর সহ তিনজন নিষেধাজ্ঞার আগেই দেশের বাইরে চলে গেছেন। বর্তমানে বাকি পাঁচজনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে মরিয়া গ্রুপটি।

​প্যাকেজ ডিল’ ও আইনি জালিয়াতির ছক,
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বসুন্ধরা গ্রুপ জেলা প্রশাসন, সরকারের পদস্থ কর্মকর্তা এবং দুদকের সংশ্লিষ্ট মহলে ‘প্যাকেজ ডিল’-এর মাধ্যমে কাজ হাসিলের চেষ্টা চালাচ্ছে। অত্যন্ত কৌশলে অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত চেম্বারের (কক্ষ নং-১১৫, পুরাতন ভবন) জুনিয়র আইনজীবী মামুন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। লক্ষ্য হলো—নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদনে যাতে কোনো শক্ত আইনি অবস্থান না থাকে। বর্তমানে দুদকে কোনো কমিশন না থাকায় আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, বসুন্ধরা গ্রুপ সেই সুযোগটিকেই ব্যবহার করতে চাইছে।

​১৩২৫ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলার তথ্য
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ভুঁইয়া বাদী হয়ে ১ হাজার ৩২৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ন্যাশনাল ব্যাংকের প্রচলিত নিয়ম ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন লঙ্ঘন করে ভুয়া জামানত ও কারখানা পরিদর্শন ছাড়াই এই বিপুল অংকের ঋণ দেয়া হয়েছিল। ন্যাশনাল ব্যাংকের বিতরণ করা ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ঋণের অধিকাংশ অর্থই বসুন্ধরা গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে নেয়া হয়েছে, যা মূলত মানিলন্ডারিংয়ের আওতায় পড়ে।

সাফওয়ান সোবহানের সম্পদ সাম্রাজ্য ও পাচার
কেবল চেয়ারম্যান নয়, তার ছেলে সাফওয়ান সোবহানের বিরুদ্ধে কর ফাঁকি, ঋণ জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও দুবাইয়ের অফশোর কোম্পানি ব্যবহার করে লন্ডনের ‘১৪ উইকম্প স্কয়ার’র মতো বিলাস বহুল সম্পত্তি কেনা হয়েছে, যার মূল্য প্রায় ১০ মিলিয়ন পাউন্ড। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, নামমাত্র মূল্য দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৪২ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে বসুন্ধরা গ্রুপ, যার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সাফওয়ান সোবহানের ৭০টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ২২টি কোম্পানিতে তাদের শেয়ার ফ্রিজ করা হয়েছে।
​হাইকোর্টে বারবার চেষ্টা ও আদালতের পর্যবেক্ষণ
গত ১০ মে মেট্রো সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজের আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হলে তা নাকচ হয়ে যায়। এরপর তারা হাইকোর্টে রিভিশন পিটিশন (নং-৩৫৩৭/২০২৬) দায়ের করে। শুনানিকালে সরকারের শীর্ষ আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি এবং তার চেম্বারের আইনজীবীর মাধ্যমে ফাইল পরিচালনা নিয়ে গোয়েন্দা মহলে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী অতীতে শুনানিতে দৃঢ়ভাবে জানিয়েছেন, অভিযুক্তরা বিদেশ গেলে দেশে ফেরার সম্ভাবনা নেই। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থ পাচার ও দেশত্যাগের যে পরিকল্পনা করেছেন, তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

​তথ্যানুসন্ধানে দেখা গেছে, আগে থেকেই ভাড়া করে রাখা চার্টার বিমানে দেশ ছাড়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন বসুন্ধরা গ্রুপের কর্ণধাররা। এখন কেবল আদালতের একটি অনুকূল আদেশের অপেক্ষায় তারা।