
মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :
বাগেরহাটে আমের ক্যারেটের ভেতরে লুকানো অবস্থায় ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালাম হোসেন (২৫) নামের এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৩ জুলাই গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
আটক কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
রোববার ১৩ জুলাই দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান চালানো হয়। তল্লাশিকালে কালো রঙের একটি আমের ক্যারেট থেকে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ইয়াবা পরিবহনের দায়ে কালাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।