
খুলনা বিভাগ ব্যুরো চিফ :
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের কাছ থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।
আটককৃতরা হলেন আতা এলাহি জীবন, পিতা: মৃত জিলু মিয়া, গ্রাম: চরচারকলা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া;
আবুল কালাম আজাদ, পিতা: আহমদ আলী, গ্রাম: পূর্ব বাগবাড়ী, জেলা: গাজীপুর; রামপ্রসাদ মন্ডল, পিতা: সুচিত্র লাল মন্ডল, গ্রাম: রানিরহাট, থানা: শেরপুর, জেলা: বগুড়া।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে চালানো সফল অভিযানে তা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।