রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা দণ্ডিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের কার্যক্রম সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন অন্যতম ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, হামলার সময় মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে রাষ্ট্রপতিকে হত্যার বিষয়টি জানান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে জেনারেল মঞ্জুর নিহত হন। এ মামলায় ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ঘটনার পর মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ আত্মগোপনে চলে যান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার এড়াতে মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে ছদ্মনামে অবস্থান করেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে ছিলেন বলেও সূত্রে জানা যায়।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার।

পরবর্তীতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। দীর্ঘ সাড়ে চার দশক আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের আলোচিত অধ্যায়ে নতুন অগ্রগতি এসেছে।

উল্লেখ্য এখন সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া (কোর্ট মার্শাল) অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।