
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় ভুল তথ্য, অপতথ্য ও তথ্যযাচাই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাদাবন সংঘের আয়োজনে বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করেছে। তাই কোনটি সঠিক তথ্য, কোনটি ভুল তথ্য বা অপতথ্য, সে বিষয়ে সবাইকে ধারণা রাখতে হবে। বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে।
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মেহেদী হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা আইসিটি কর্মকর্তা মো. আলীমুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার লাইসা মাহমুদ হেমা।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম সহকারী বুশরা আফরোজ। স্বাগত বক্তব্য দেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নওশীন নাওয়াল চৌধুরী।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, বাদাবন সংঘ একটি নারী অধিকারভিত্তিক বেসরকারি সংস্থা। স্বাধীনতা প্রকল্পের আওতায় সংস্থাটি খুলনা বিভাগের ১০টি জেলার তরুণ-তরুণীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে