৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।

এস এম তাজ আশরাফী, ঢাকা :

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।

আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে এসব স্মারক সামগ্রী প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে। এর মাধ্যমে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও স্মৃতিকে ডাকটিকিটের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ৭ নভেম্বর বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে এবারও রাষ্ট্রীয় পর্যায়ে স্মারক ডাকটিকিট প্রকাশের মধ্য দিয়ে ঐতিহাসিক দিনটির স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।