ইকবাল সোবহান চৌধুরীকে ডিবির জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া, সাংবাদিক সমাজে উদ্বেগ।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবির জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া, সাংবাদিক সমাজে উদ্বেগ।

বাংলাদেশের সাংবাদিকতা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব, ৭৮ বছর বয়সী সাংবাদিক নেতা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে তাঁর প্রতি সম্মানজনক আচরণ ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আজ বুধবার (৪ নভেম্বর) বেলা আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে রাজধানীতে তাঁর প্রতিষ্ঠিত স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের কার্যালয় থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে নিয়ে যান।

ডিবি কর্মকর্তাদের পক্ষ থেকে জানা গেছে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁকে সম্মানের সঙ্গে রাখা হয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের সাংবাদিক সমাজের একজন প্রবীণ, অভিজ্ঞ ও সম্মানিত নেতা। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাগত নেতৃত্ব, অভিজ্ঞতা ও অবদানের মধ্য দিয়ে তিনি দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময় থেকেই তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী তিনি। দীর্ঘ পেশাগত জীবনে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, আন্তর্জাতিক সম্মেলন ও বিভিন্ন বৈশ্বিক আয়োজন কাভার করেছেন। তাঁর লেখনী, বিশ্লেষণ ও সাংবাদিকতার অভিজ্ঞতা তাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনেও পরিচিতি এনে দিয়েছে।

তাঁর মতো একজন প্রবীণ সাংবাদিক, সম্পাদক ও সাংবাদিক সংগঠনের সাবেক শীর্ষ নেতাকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আমরা মনে করি, আইনের প্রয়োগ অবশ্যই হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে। একই সঙ্গে একজন ৭৮ বছর বয়সী প্রবীণ সাংবাদিকের বয়স, মর্যাদা, মানবিক অধিকার ও পেশাগত পরিচয়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা জরুরি।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ, জিজ্ঞাসাবাদের আইনি ভিত্তি স্পষ্ট করা এবং তাঁর সব ধরনের আইনগত ও মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি। বাংলাদেশের সাংবাদিক সমাজের এই প্রবীণ নেতার বিষয়ে দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ প্রত্যাশা করছি।